নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রিমান্ডে
নাশকতায় যুক্ত থাকার সন্দেহে ভারতীয় নাগরিক রবিউল ইসলামের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের উপ-পরিদর্শক বিনয় কুমার রায়। এসময় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, আসামি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহ জনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট প্রদর্শন করেন। নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও পরবর্তী সময়ে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি যাচাই করে দেখা যায় যে, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের কোনো মিল নেই। তিনি ইতোপূর্বে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও বাংলাদেশে আসা যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্যসহ এলোমেলো তথ্য প্রদান করেন।
ধারণা করা হচ্ছে যে, আসামি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত আছে। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ সারা দেশে নাশকতা মূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে আপাতত ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মতে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ হেফাজতে এনে নিবীড় জিজ্ঞাসাবাদের সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

আদালত প্রতিবেদক