পুলিশ-জনতা মিলে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ-জনতা মিলে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একটি থানায় থাকা পুলিশের পক্ষে এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই পুলিশ ও জনসাধারণের মধ্যে সমন্বয় থাকতে হবে। এ সময় একটি সমন্বয় কমিটি গঠন করার বিষয়েও জোর দিয়েছেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণকে অপরাধীদের শনাক্ত করে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণের সম্পৃক্ততা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র ওত পেতে আছে এবং তারা নানা ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের জনগণকে তৎপর থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মিথ্যা তথ্য ও অপপ্রচার সমাজে অরাজক পরিস্থিতি তৈরি করে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
নান্দাইল থানা পুলিশের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কোনো নিরীহ মানুষকে যেমন হয়রানি করা যাবে না, তেমনি কোনো মিথ্যা মামলাও নেওয়া যাবে না।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসে যে পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে, আগামী মাসে এর বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হতে হবে। উদ্ধার করা মাদকের জব্দ তালিকা তাকেও দেখানোর নির্দেশ দেন তিনি।
তালিকাভুক্ত মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকাভিত্তিক সঠিক তালিকা তৈরি করে মাদক কারবারীদের আস্তানায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিতে হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

আইয়ুব আলী, ময়মনসিংহ