নওগাঁয় বাসচাপায় ভ্যানচালক নিহত
নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীত পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস চার্জারভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বাসের চাপায় নিহতের শরীর গুরুতর থেঁতলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মান্দা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ