চাটমোহরে সড়ক দুর্ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জাকির (৩০)। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মান্নাননগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় ট্রাকচালক ট্রাকসহ দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে। তার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, আজ বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর হোসেন জাকির। পথে মান্নাননগর এলাকায় মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)