কুমিল্লায় বিপুল ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীন আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির টহল দল সীমান্তের মাত্র ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও যেকোনো ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)