কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার আগে অপ্রতিমের মরদেহ কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়। এ সময় জানাজার আগে বক্তব্য দেন অপ্রতিমের বাবা শাহরিয়ার।
এর আগে অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দ্রুত আসামি গ্রেপ্তার করতে গিয়ে যেন প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায়। সঠিকভাবে তথ্য-উপাত্ত যাচাই ও অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।

মাহফুজ নান্টু, কুমিল্লা