কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের কনিষ্ঠ পুত্র অপ্রতীম শুভ্রর মরদেহ উদ্ধারের ঘটনায় এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দ্রুত বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। এ সময় তাঁরা ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’, ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’ এবং ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা প্রতিবাদী স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় ও ফার্মেসি বিভাগের নাঈমুর রহমান বলেন, আজকের এই মর্মান্তিক ঘটনার পেছনে জড়িতদের আগামী ১২ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি কুমিল্লা শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা, কুবি ক্যাম্পাসের সন্নিকটে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন এবং প্রশাসনের কার্যকরী দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধসহ আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
এদিকে শিক্ষিকার সন্তানের এমন রহস্যজনক মৃত্যুতে পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়