কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক মামলার আসামি সাবেক স্বেচ্ছাসেবক লীগনেতা, সহকারী শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মামুন কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট তৈরি করে আসছিলেন এবং সামাজিক মাধ্যমে তার বেশ কিছু ভক্তও তৈরি হয়। তিনি নিজ বাসাবাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে নানাবয়সের নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে নিয়মিত কাজ করতেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি সক্রিয় ভূমিকায় ছিলেন। সেই মামলার প্রেক্ষাপটেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মামুনের বিরুদ্ধে শিক্ষকতার নীতি-নৈতিকতা পরিপন্থী ও অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের সহিংসতা সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)