স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির প্রস্তুতি সভা বৃহস্পতিবার
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)