পাথরঘাটায় এক ইলিশ বিক্রি ১৭ হাজার টাকায়
বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে দুই কেজি ৯০০ গ্রামের একটি ইলিশ মাছ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি নিলামে তোলা হলে ১৭ হাজার টাকা দাম ওঠে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
খুলনার পাইকার পলাশ নিউ আল আমিন ফিশ আড়তের জন্য মাছটি কিনে নেন।
পাথরঘাটার টেংরার জেলে আলতাব মিয়ার জালে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এনে নিলামে তোলা হয়।
জেলে আলতাব মিয়া বলেন, ‘এ ধরনের বড় আকারের ইলিশ এখন খুব একটা ধরা পড়ছে না। অনেক দিন পর একটি বড় মাছ পেয়েছি। মাছটি পেয়ে ভালোই লাগছে। আশা করছি, সামনের দিনগুলো ভালো কাটবে।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে সমুদ্র ও নদীতে মাছের পরিমাণ আরও বাড়বে। এতে ভবিষ্যতে জেলেদের জালে বড় আকারের ইলিশসহ অন্যান্য মাছও বেশি ধরা পড়বে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)