হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
বগুড়া শহরের কৈপাড়া এলাকার বহুল আলোচিত রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আশিক, শাকিল ও মতিন। রায়ে এ পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে জরিমানার টাকা আদায় করে অর্ধেক নিহত হৃদয়ের সন্তানের প্রাপ্য এবং অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যার দিকে বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় আসামিরা। চাঁদা দিতে অস্বীকার করায় দোকানের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হৃদয়কে মারাত্মক আহত করা হয়। এ সময় হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয়।
ওই ঘটনার পর নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ চূড়ান্ত রায় প্রদান করেন।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া