দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ
গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও পাঁচ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।
দুই যাত্রীর কাছ থেকে আটককৃত বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)