চাঁদপুরে আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় জেলার তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও আদালতের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় আইনজীবীরা এ সিদ্ধান্ত নেন। সভার পর আদালত বর্জনের বিষয়টি জানাজানি হলে পুরো কোর্ট প্রাঙ্গণে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আদালতগুলোর সঙ্গে আইনজীবীদের সমন্বয়হীনতা এবং পেশাগত বিভিন্ন বিষয়ে দীর্ঘদিনের অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির জরুরি সভা আহ্বান করা হয়। সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং আদালতের সঙ্গে সমন্বয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল জানান, জরুরি সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, আদালতের সঙ্গে সমন্বয়হীনতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনজীবী সমিতির নেতারা জানান, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনজীবীদের সমস্যাগুলো সমাধান এবং আদালতের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর