নকশায় অনিয়ম, কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু।
নির্মাণকাজ বন্ধের নির্দেশ পাওয়া ভবনগুলো হলো ডাক্তারপাড়ার সিলভার টাওয়ার, একতা টাওয়ার ও মাসুম টাওয়ার। এ ছাড়া ট্রমা হাসপাতালের বিপরীতে মজিবুর রহমান গংয়ের বাণিজ্যিক ভবন ও জামান-জাহানারা প্যালেস এবং কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন ও কাজী টাওয়ার।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ, এসব ভবনের ক্ষেত্রে অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণকাজের অসঙ্গতি, প্ল্যান পাস না করা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মাণকাজ চালানোর মতো বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এ কারণে উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
উদবাতুল বারি আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ।

মাহফুজ নান্টু, কুমিল্লা