ধর্ষণ, হত্যাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনেসহ অন্তত তিনটি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কদম আলী। এ সময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে তিনি পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহত কদম আলীর নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এ ছাড়া একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।

এ বি এম ফজলুর রহমান, পাবনা