পাহাড়ি বাঙালিদেরও আয়কর মওকুফ চেয়ে প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি
তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের নেতৃত্বে নেতারা বান্দরবান সার্কিট হাউসে প্রতিমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত বাঙালিরা শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। সম্প্রতি পার্বত্য এলাকার উপজাতীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাব করা হলেও একই অঞ্চলের পিছিয়ে পড়া বাঙালিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে। তাই সমতার ভিত্তিতে তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদেরও আয়কর মওকুফের দাবি জানানো হয়।
এদিকে, বাজারফান্ডের আওতাধীন জায়গা বন্ধক রেখে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ গ্রহণের সুযোগ থাকলেও ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং স্থানীয় উদ্যোক্তারা আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
নেতারা বাজারফান্ডের জমি সংক্রান্ত আইনগত জটিলতা নিরসন করে আগের মতো ব্যাংক ঋণ চালুর দাবি জানান। তাদের মতে, ঋণ কার্যক্রম পুনরায় চালু হলে পার্বত্য অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। স্মারকলিপিতে দ্রুত তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সহসম্পাদক নুরুল আবসার, সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান পৌর সভাপতি সামচুল হক সামু, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান