ইউএনওকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন- কসবা ইউপি চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে জনসম্মুখে মানহানিকর ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার জেরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৪ আগস্ট এ নির্দেশ জারি করা হয়।
ঘটনার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই নিয়োগের ফলাফল প্রত্যাখ্যান করে কসবা ইউপি চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন।
মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন কর্মকাণ্ডের পর তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)