উচ্ছেদের আধা ঘণ্টা পরেই ফের ফুটপাতে হকাররা
গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র ব্যস্ততম জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোডের ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। তবে অভিযান শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যেই হকাররা ফের ফুটপাতে বসতে শুরু করেছেন। এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও পরবর্তীতে পুনরায় ফুটপাত দখল হয়ে যায়। ফলে সিটি করপোরেশন বারবার অভিযান চালিয়েও স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে না পারায় এর পেছনের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, রাজবাড়ী রোডের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে এখানে কোনো দোকানপাট বসানো কিংবা গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং গাজীপুর শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্মীদের উচ্ছেদ করা এলাকা নিয়মিত তদারক করে দখলমুক্ত রাখার নির্দেশ দেন এবং নির্দেশনা অমান্য করলে পর্যায়ক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। প্রশাসক আরও বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, উচ্ছেদ করা জায়গা যাতে আবার দখল না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই হকাররা আবার ফুটপাতে পসরা সাজিয়ে বসতে শুরু করেন। পূর্বের বিভিন্ন অভিযানের পরও একইভাবে হকাররা ফিরে এসে ফুটপাত দখল করে নেওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়, যা ব্যস্ত সড়কে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি করছে।
অভিযানকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের সাথে সচিব (ভারপ্রাপ্ত) ফিরোজ আল মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নাসির আহমেদ, গাজীপুর