আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক
ঋণের চাপে সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের বোঝায় পড়ে আর্থিক সংকটে দেখা দিলে পিন্টু দাস সপরিবারে আত্মগোপন করেন। আত্মগোপনে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা হলেন পিন্টু দাসের স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রুপম দাস।
পুলিশ আরও জানায়, ব্যবসায়ী পিন্টু দাসের পরিবারসহ নিখোঁজ হওয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে পুলিশের কাছে তথ্য ছিল তিনি স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। এরপর অনুসন্ধানে নেমে পুলিশ নিশ্চিত হয় ঋণের চাপেই তিনি পরিবারসহ এই পথ বেছে নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর