মেহেরপুরে ইয়াবা-গুলিসহ বাবা-ছেলে আটক
মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের অভিযানে ইয়াবা, গাঁজা, পিস্তলের গুলি ও নগদ ৯ লাখ টাকাসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- তাঁতিপাড়ার বাসিন্দা ফিরোজ হোসেন ও তার ছেলে আমানউল্লাহ আমান।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেস্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেনের বাড়িতে এই অভিযান চালানো হয়। তল্লাশিকালে বাড়ি থেকে ২ কেজি গাঁজা, ৩৭৩ পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯ লাখ টাকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে মেহেরপুর শহর ও আশেপাশের এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদক কারবার চালিয়ে আসছিলেন। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানও উপস্থিত ছিলেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর