রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় আটক ১
রাজধানীর আজীমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন। আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে আটক আমিনুল ইসলাম শাওনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক