নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শিমুলতলী ব্রিজের পাশে আত্রাই নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরার জন্য যায়। একপর্যায়ে তারা নদীতে নামলে পানির তোড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, শিশু দুটি নদীতে মাছ ধরতে পানির নিচে নেমে তলিয়ে গিয়ে মারা যায়। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রবিউল ইসলাম, নওগাঁ (পত্নীতলা-ধামইরহাট)
আসাদুর রহমান জয়, নওগাঁ