জমি নিয়ে বিরোধে শাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ
নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে শাশুড়ি সাহেরা খাতুনকে (৬৫) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত সাহেদ বিশ্বাস (৪২) বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করার পর থেকেই শাশুড়ির সঙ্গে তার জমি নিয়ে বিরোধ তৈরি হয়। শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সাহেদ তার শাশুড়িকে গলাটিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী সাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মূল অভিযুক্ত সাহেদ বিশ্বাস, তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার ও মা শাহেরা খাতুনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা