ইমাম-খাদেমের বদলে অন্যদের নাম, অভিযোগ ওঠায় মসজিদের তালিকা বাতিল
যশোরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানী তালিকায় নাম জালিয়াতির সংবাদ এনটিভি অনলাইনে প্রকাশের পর বিতর্কিত তালিকাটি বাতিল করা হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর হস্তক্ষেপে ‘গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদ’র বিতর্কিত তালিকাটি বাতিল করে সংশ্লিষ্ট দপ্তরে নতুন তালিকা জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্যের নির্দেশে বায়তুন নূর জামে মসজিদের বিতর্কিত তালিকাটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ‘গড়ভাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদ’র প্রকৃত ইমাম ও সেবায়েতদের নাম অন্তর্ভুক্ত করে নতুন তালিকা জমা দেওয়া হয়েছে।
এর আগে গড়ভাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের মূল ইমাম মাওলানা আব্দুর রহমান এবং খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে স্থানীয় দুই নেতার নাম সরকারি সম্মানী তালিকায় পাঠানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)