ভারতীয় চোরাই ৫৫ মোবাইল ফোন জব্দ, আটক ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৫৫টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়। আটক এনামুল শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই বিএসসি পাড়ার বাসিন্দা।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিলখুড়ির আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে আনা চোরাই মোবাইল ফোন কেনাবেচা চলছিল। চক্রটি ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া রেজিষ্ট্রেশনবিহীন আইএমইআই যুক্ত মোবাইল ফোন সীমান্তে এনে বাংলাদেশে সরবরাহ করছিল, যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি তৈরি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে এনামুলের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভো ব্র্যান্ডের ৫৫টি ভারতীয় ফোন জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকাটি চোরাকারবারিদের আস্তানায় পরিণত হয়েছিল। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির সাথে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)