কুড়িগ্রামে বিদ্যালয়ের ফ্যান-সিসি ক্যামেরা চুরি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০টি সিলিং ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিসের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
চুরির তথ্য নিশ্চিত করে উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সব শ্রেণিকক্ষের দরজায় তালা দেওয়া হয়। নৈশপ্রহরী না থাকা এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার সুযোগে কে বা কারা এ চুরির ঘটনা ঘটায়। গতকাল রোববার (৩০ আগস্ট) সকালে বিদ্যালয় খোলার পর একটি কক্ষ থেকে ৪টি ও অন্য দুটি কক্ষ থেকে ৬টিসহ মোট ১০টি ফ্যান এবং ৩টি সিসি ক্যামেরা চুরি হওয়ার বিষয়টি নজরে আসে। তবে সিসি ক্যামেরা আগে থেকেই নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক আরও বলেন, চুরির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানোর পাশাপাশি স্কুল পরিচালনা কমিটি ও অভিভাবকদের সাথে আলোচনা করা হয়েছে। সোমবার এ বিষয়ে থানায় জিডি করা হবে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির বিষয়ে প্রধান শিক্ষক অবহিত করেছেন এবং তাকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বলদিয়া ইউনিয়নটি ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত হলেও এলাকাটি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আওতাধীন। এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ বলেন, চুরির ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)