অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই রাতে কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়ায় এর মালিক রফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারসহ পুলিশ ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)