উদ্ধার হওয়া ৮০ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্রাইম এবং গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে গত জুলাই মাসে উদ্ধার হওয়া ৮০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
জেলা পুলিশ জানায়, বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় গঠিত বিশেষ টিম প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ফোনগুলো উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। হারানো ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দেওয়া জেলা পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া এবং এ সংক্রান্ত সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ