স্বামীর মরদেহ দাফনের কিছুক্ষণ পরই চলে গেলেন স্ত্রীও
নারায়ণগঞ্জের বন্দরে ভাড়াবাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে গুরুতর দগ্ধ পোশাকশ্রমিক খোকন সরকারের মৃত্যুর মাত্র ছয় ঘণ্টার মাথায় মারা গেছেন তার স্ত্রী ফজিলত বেগমও। দম্পতির এই মৃত্যুতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
নিহত দম্পতি হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের খোকন সরকার (৫৪) ও তার স্ত্রী ফজিলত বেগম (৪০)। তারা দুজনেই নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে চাকরি করতেন। তাদের ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮) নামের দুই সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়াবাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দম্পতি গুরুতর দগ্ধ হলে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান খোকন সরকার।
গতকাল বুধবার (১২ আগস্ট) সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। স্বামীর দাফনের কিছুক্ষণ পরই বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী ফজিলত বেগমও। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশেই ফজিলত বেগমকে দাফন করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)