মাটির নিচে পুঁতে রাখা ৯৬ ল্যান্ডমাইন উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে মাটির নিচে পুঁতে রাখা ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধারকৃত বিস্ফোরকগুলোর মধ্যে ৭৯টি মানববিধ্বংসী ও ১৭টি ট্যাংকবিধ্বংসী মাইন ছিল। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর ১৯ সদস্যের বিশেষজ্ঞ দল এলাকা থেকে এসব উদ্ধার করার পর নির্জন স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ক্ষেতে কাজ করার সময় কৃষক কালু মালিথা মাটিতে গোলকৃতি বিস্ফোরক দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত এলাকাটি ঘিরে ফেলে টানা দুদিন ‘ক্রাইম সিন’ হিসেবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে। পরে সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিট মাটি খনন করে একে একে মোট ৯৬টি মাইন বের করে আনে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ঘটনার পর থেকে বেতবাড়িয়া গ্রাম ও আশপাশের এলাকা কড়া নিরাপত্তায় রাখা হয়েছে এবং আরও কোনো মাইন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর