মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছ দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন রংমহল বিওপির নায়েক সুবেদার জাহিদ হোসেন বলেন, চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি শনাক্ত করে দৃঢ় অবস্থান নেয়। এতে বিএসএফ পুশইন করতে ব্যর্থ হয়।
পরে শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নিয়ে যায়।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর