সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান রিমান্ডে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানের তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
গত ৬ আগস্ট ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর(পরিদর্শক) মো. মাসুদুর রহমান আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ওইদিন মামলার মূল নথি না থাকায় বিচারক রিমান্ড শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেন। রিমান্ড উপলক্ষে আজ আসামিকে আদালতে হাজির করা হয়।
এর আগে, গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন।
নথি থেকে জানা গেছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান।
এ ঘটনায় পুলিশ তেজগাঁও থানায় মামলা দায়ের করে।

আদালত প্রতিবেদক