সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে সাবেক এমপি আখতারুজ্জামানকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ১০ আগস্ট রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ আসামির রিমান্ড চাওয়া হলেও মামলার মূল নথি না থাকায় রিমান্ড বিষয়ে শুনানি হয়নি। আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী নতুন রিমান্ডের দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নথি থেকে জানা গেছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান।
এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলাটি দায়ের করে।

আদালত প্রতিবেদক