সাভারে তামাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড
সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) একটি তামাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার (৫ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার নলাম এলাকায় অবস্থিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহমেদুল কবির বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের দুটি এবং ডিইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়।
অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষা করতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
এ বিষয়ে বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, আজ সকালে সাভারের নোলামে অবস্থিত আমাদের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা নিশ্চিত করছি, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএটিবিসি তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে গত বছরের জুলাইয়ে রাজধানীর মহাখালী থেকে কারখানাটি আশুলিয়ার নতুন চত্বরে স্থানান্তর করে।

জাহিদুর রহমান