রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমাণ সংগীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীতে বিশেষ ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর তথ্য ভবনে অবস্থিত গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
উদ্বোধনী অনুষ্ঠানে ডালিয়া ইয়াসমিনের (পরিচালক, প্রচার ও সমন্বয়) স্বাগত বক্তব্যের পর নিজস্ব দুটি সুসজ্জিত ট্রাকে করে সংগীত দলটি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় জাগরণমূলক গান পরিবেশন করে।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ এই জুলাই গণঅভ্যুত্থান। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সংগ্রামের সূত্রপাত হয়েছিল, তা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থানে রূপ নেয়। বীর তরুণদের এই আত্মত্যাগ ও লড়াই দেশবাসীকে বৈষম্যহীন নতুন এক ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগাবে।
আবদুল জলিল আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের মূল ভাবনা ও চেতনাকে সামনে রেখে অধিদপ্তরের নিজস্ব শিল্পীরা দেশাত্মবোধক ও জাগরণমূলক গান রচনা করেছেন। রাজপথে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব গান পরিবেশন করে সাধারণ মানুষের মাঝে দেশপ্রেম, অধিকার সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেনসহ অধিদপ্তরের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক