অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে নারী আটক
যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। রোববার (২০ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারী ওই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংবাদের সত্যতা পেয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল রোববার রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসর থেকে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি দামি স্মার্টফোন জব্দ করা হয়, যেগুলোতে বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত অ্যাপ ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়ার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সোমবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহসিন মিলন, বেনাপোল