সরকারের আগাম পদক্ষেপে বন্যায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে : প্রতিমন্ত্রী
সরকারের আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যাপরবর্তী ত্রাণ সহায়তা অনুষ্ঠানে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্পমূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য কিনতে পারবেন।
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনে যে স্বপ্ন দেখছেন, তাতে পাহাড়ি-বাঙালি সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।
এ সময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্যাছড়ি ও মাইসছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি