৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ফাইল ছবি
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) বেলা ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক