সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ৪টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি এবং পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ