বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার। বন্যার কারণে ক্ষুদ্রঋণের কিস্তি এক মাস স্থগিত রাখা হবে। সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বান্দরবানে আজ শুক্রবার (১৭ জুলাই) জেলা পরিষদ রেস্টহাউজ চত্বরে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, নারী সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান