মাইক্রোবাস থেকে আড়াই মণ গাঁজাসহ আটক দুই
কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নোহা মাইক্রোবাস থেকে প্রায় আড়াই মণ (১০০ কেজি) গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ সময় মাদক পরিবহণের অভিযোগে দুই কারবারিকে আটক এবং গাঁজা বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা মো. অন্তর (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের বাসিন্দা মো. বাঁধন (২৩)।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
সাদমান ইবনে আলম বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল রঘুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা মাইক্রোবাস যোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।

মাহফুজ নান্টু, কুমিল্লা