আর্জেন্টিনার জার্সি গায়ে বটগাছ, দেখতে ভিড়
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সীমান্তবর্তী আজগড়া-জামতৈল খেয়াঘাটের পূর্বে যমুনা চরের একটি বিশাল বটগাছকে আর্জেন্টিনার জার্সির আদলে নীল-সাদা রঙে রাঙিয়ে ব্যতিক্রমী নজির গড়েছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে স্থানীয়দের চাঁদায় প্রায় ১০ হাজার টাকার রঙ কিনে ১৯ জন ফুটবল ভক্ত টানা দুই সপ্তাহ ধরে গাছটি রাঙিয়েছেন।
ব্যতিক্রমী এই ‘আর্জেন্টিনা বটগাছ’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা গাছটি দেখতে ভিড় করছেন। কেউ সেলফি তুলছেন, কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে এসে ফুটবল উন্মাদনার অংশ হচ্ছেন।
স্থানীয়রা জানান, আড়াই যুগেরও বেশি পুরোনো বটগাছটি একসময় পথচারীদের ছায়া দিলেও এখন এটি ‘আর্জেন্টিনা বটগাছ’ নামেই পরিচিত। গাছের চূড়ায় বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা উড়ছে, আর নিচে সমর্থকেরা বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থক আসাদুল ইসলাম বলেন, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো বটগাছটি নীল-সাদা রঙে সাজানো হয়েছে। প্রিয় দল আর্জেন্টিনা এবং ফুটবল তারকা লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। তার ভাষ্য, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে যমুনা চরে এখন ফুটবল উৎসবের আমেজ বিরাজ করছে।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)