চাঁদপুরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজি বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ফরিদগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর