গাইবান্ধায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (১১ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
এনটিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। বিশেষ অতিথির বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাজাদুর রহমান সাজু এবং থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক গোপাল মহন্ত, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা সভাপতি জিল্লুর রহমান সরকার, রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কালামানিক দেব, চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, এনটিভি অনলাইনের (সুন্দরগঞ্জ-সাদুল্লাপুর) সংবাদদাতা লিটন প্রামাণিক এবং গোবিন্দগঞ্জের সংবাদদাতা খায়রুল বাসার।
আলোচনা সভায় বক্তারা এনটিভির সমৃদ্ধ পথচলা এবং দেশের গণমাধ্যমে এর গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন ও জনমত গঠনে এনটিভির অবিচল প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)