গোয়াইনঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি কী উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, ভারতীয়দের গুলিতে যুবকের মৃত্যুর খবর পেয়ে তারা দ্রুত নিহতের বাড়িতে যান এবং সার্বিক বিষয়টি থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ভারতীয়দের গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে।

সজল ছত্রী, সিলেট