দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ চার বাংলাদেশিকে পুশইন (জোরপূর্বক ঠেলে দেওয়া) করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের শূন্য রেখায় এই ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, ভোরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজনকে বিএসএফের সহায়তায় জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়। এ সময় দাইনুর বিওপির দায়িত্বরত বিজিবি টহল দল বিষয়টি দেখতে পেয়ে সীমান্ত লাইনে কঠোর অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে তীব্র বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। পুশইনের শিকার হওয়া চারজনকে বর্তমানে দাইনুর বিওপির শূন্য রেখায় (জিরো লাইনে) বিজিবির নজরদারিতে রাখা হয়েছে। আটকে পড়া ৪ জনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন, যাঁদের মধ্যে একজন পুরুষ আবার শারীরিক প্রতিবন্ধী।
বিজিবি জানিয়েছে, পুশইনের শিকার হওয়া ৪ জনই বাংলাদেশি নাগরিক। তারা হলেন—খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকরপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে মো. বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মো. জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে মো. গনি মোল্লা (৩৫)।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশইনের শিকার ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। এই বিষয়ে বিএসএফের একতরফা পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি উক্ত পয়েন্টে কড়া নজরদারি ও টহল জোরদার করেছে।

ফারুক হোসেন, দিনাজপুর