শিং মাছে ক্ষতিকর রঙ মিশিয়ে ‘দেশি’ বলে বিক্রি, ২ ব্যবসায়ীর জেল
মাদারীপুরের শিবচর পৌরবাজারে কৃত্রিম ক্ষতিকর রঙ মিশিয়ে চাষের শিং মাছ ‘দেশি’ বলে বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে শিবচর পৌর বাজার থেকে একজন ক্রেতা শিং মাছ কিনে বাড়ি নিয়ে যান। বাড়িতে মাছ কাটার সময় ক্ষতিকারক রঙ মেশানোর বিষয়টি বুঝতে পেরে তিনি উপজেলা প্রশাসনকে ফোন করে জানান। ভোক্তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে বাজারে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আপন (২২) ও আলমগীর (৪৫) নামের দুই মাছ ব্যবসায়ীকে ক্ষতিকর রঙ মেশানো শিং মাছসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, বিক্রির উদ্দেশ্যে চাষের শিং মাছে কৃত্রিম রঙ ব্যবহার করা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অপরাধে ভোক্তা অধিকার ও প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় ওই দুই মাছ ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর