পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে দুই স্ত্রীসহ যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পর্নোগ্রাফি তৈরি, অসামাজিক কার্যকলাপ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কামরুল হাসান (৩৫) ও তার দুই স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল হাসান ওই গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে নিজেকে ‘মতপ্রকাশ’ নামের একটি নিউজ পোর্টালের সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কামরুল প্রতিবেশী এক সন্তানের জননীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন এবং প্রায় এক বছর আগে তাকে বিয়ে করেন। এরপর দুই স্ত্রীকে সাথে নিয়ে কামরুল নিয়মিত পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন পর্নসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অর্থ উপার্জন শুরু করেন।
শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হওয়া পুরুষদের কৌশলে বাসায় এনে স্ত্রীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করিয়ে গোপনে পর্ন ভিডিও তৈরি করা এবং পরবর্তীতে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করার মতো ভয়ংকর ব্ল্যাকমেইল চক্র গড়ে তুলেছিলেন তারা। এছাড়া বিভিন্ন এলাকা থেকে তরুণীদের বাড়িতে এনে অনৈতিক কাজ চালানোর অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
সম্প্রতি দৃশ্যমান কোনো আয়ের উৎস ছাড়াই কামরুল এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ শুরু করলে তার অর্থের উৎস নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। এর একপর্যায়ে তাদের এই পর্ন ভিডিও ও অনৈতিক ব্ল্যাকমেইলের বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে কামরুল ও তার দুই স্ত্রীকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতানির মামুন মুন বলেন, পর্ন ভিডিও তৈরি, অসামাজিক কার্যকলাপ ও ব্ল্যাকমেইলে জড়িত থাকার অপরাধে আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)