পুলিশের সরঞ্জামসহ আট মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক এবং হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ মো. সোলেমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোলেমান দুর্গাপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ফিল্ড ক্যাপ উদ্ধার করা হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা