গৌরবের ২৪ বছর : শুভ জন্মদিন এনটিভি!
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২০০৩ সালে যাত্রা শুরু করে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে অল্প সময়েই দর্শক-শ্রোতার হৃদয়ে ঠাঁই করে নেয় চ্যানেলটি। একদল সৃজনশীল, দক্ষ ও মেধাবী মানুষের নেতৃত্বে রুচিশীল, অত্যাধুনিক কারিগরি ব্যবস্থাপনায় নতুন নির্মাণ শৈলীর উপস্থাপনে দর্শক নন্দিত হয়ে ওঠে এনটিভি। শুরু হয় বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বৈপ্লবিক অভিযাত্রা।
দেশ ছাড়িয়ে এনটিভি পৌঁছে যায় বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের দোরগোড়ায়। বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখে এনটিভি। গত দুই দশক ধরে এনটিভি যেন হয়ে উঠেছে বাংলার মানুষের মুখ। গণমানুষের কথা, দেশের কথা, তাদের হাসি-আনন্দ ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছে এনটিভি। শত প্রতিকূলতার মাঝেও এনটিভি কর্তৃপক্ষ সত্য প্রকাশে পিছ পা হয়নি। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে জেল-জুলুম, হুমকি, হয়রানি, শত নির্যাতন হাসিমুখে বরণ করেছে এনটিভি কর্তৃপক্ষ।
এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মাঝপথে এনটিভিকে মুখোমুখি হতে হয়েছে অনেক চ্যালেঞ্জের। এনটিভি যখন জনপ্রিয়তার শীর্ষে, যাত্রা শুরুর প্রায় চার বছর পরই ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে। ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ফলে বন্ধ হয়ে যায় এনটিভির সম্প্রচার। তখন সাময়িক অফিস হয় হোটেল সুন্দরবনে। এক সপ্তাহের মধ্যে দৃঢ় মনোবল আর প্রত্যয় নিয়ে ২০০৭ সালের ৫ মার্চ পুনঃসম্প্রচার শুরু হয়। ওই বছরের ১২ মার্চ শুরু হয় বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়। মাস পেরিয়ে ১ জুন বিএসইসি ভবনে আবারও নিজস্ব কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়মিত সম্প্রচারে ফিরে আসে এনটিভি। কিন্তু ২০১৪ সালের ৩১ অক্টোবর আবার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয় এনটিভিকে। ওই দিন রাতেই অস্থায়ীভাবে চ্যানেল নাইনের স্টুডিও ব্যবহার করে সম্প্রচার শুরু করে এনটিভি এবং গভীর রাতে নিজস্ব কার্যালয় থেকে আবার শুরু হয় পূর্ণাঙ্গ সম্প্রচার।
ঘুরে দাঁড়ানোর সে লড়াইয়ে এনটিভির সঙ্গে ছিল অগণিত দর্শক আর শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটরসহ সর্বস্তরের মানুষ। এত চড়াই-উৎরাই পেরিয়ে, বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেও এনটিভি তার দর্শকপ্রিয়তা এবং সংবাদ ও অনুষ্ঠানের মান বজায় রেখে আজ দুই যুগে পদার্পণের গৌরব অর্জন করছে।
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে নিজস্ব ব্যবস্থাপনায় চলছে এনটিভির কার্যক্রম। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে দর্শক রুচিকে প্রধান্য দিয়ে এগিয়ে যাবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে এনটিভিই সর্বপ্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর অর্জন করে আইএসও সনদ। প্রতিষ্ঠার পর থেকে নিত্যনতুন আইডিয়া ও অনুষ্ঠান এনটিভিকে পৌঁছে দিয়েছে দর্শকদের হৃদয়ে।
ভৌগোলিক সীমা ছাড়িয়ে সারা বিশ্বের সব মানুষের আরও কাছে পৌঁছে গেছে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এনটিভির অফিশিয়াল ওয়েবসাইট (ntvbd.com), ফেসবুক, ইউটিউবসহ সব প্ল্যাটফর্মে এনটিভিকে অনুসরণ করে সাত কোটিরও বেশি দর্শক, শ্রোতা ও পাঠক। এই সংখ্যাই প্রমাণ করে সারা বিশ্বে এনটিভির জনপ্রিয়তা।
মানসম্মত নানা অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারে দেশের মানুষের আস্থার ঠিকানা এনটিভি। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি যুক্ত হয় নতুন পালক, এইচডি সম্প্রচার শুরু করে এনটিভি।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনটিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যামন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের মাধ্যমে আস্থা অর্জন করেছে এনটিভি
২৩ বছর পেরিয়ে ২৪ বছরের পদার্পণ উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, শিল্পী, কলাকুশলী, সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও দেশ-বিদেশের অগণিত দর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে রাষ্ট্রপতি বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’— এই স্লোগানকে ধারণ করে এনটিভি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানমালা প্রচার করে দর্শকদের আস্থা অর্জন করেছে। আমি আশা করি, চ্যানেলটি ভবিষ্যতেও নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের সত্যিকার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ এবং জনস্বার্থের প্রতি অটল অঙ্গীকারের মধ্য দিয়ে তাদের সুদৃঢ় অবস্থান অটুট রাখবে।
এনটিভি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করেছে
জন্মদিনে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি অতীতে সুবিচার করেছে। ভবিষ্যতেও তারা বিনোদনের পাশাপাশি নিরপেক্ষ সাংবাদিকতার মধ্যদিয়ে দিয়ে বাংলাদেশের জনগণকে বিমোহিত করে রাখবে— এটি আমি আশা করি।
দর্শক-শ্রোতা শুরু থেকেই এনটিভিকে ভালোবেসেছে
এনটিভি ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দর্শক-শ্রোতা ও এনটিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এনটিভিকে দর্শক-শ্রোতারা শুরু থেকেই যেমন ভালোবেসেছে, এনটিভি পরিবার ভবিষ্যতেও তাদের এই ভালোবাসা ধরে রাখতে পারবে।
সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেনি এনটিভি
২৪ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির দর্শক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, এনটিভিকে আমরা পেয়েছি জনগণের পাশে। দেশ ও জনগণের স্বার্থের কাছে এনটিভি ছিল আপসহীন। এনটিভি দেশ ও জাতির স্বার্থে কারও সঙ্গে কোনো আপস করেনি, সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলতে কারও মুখের দিকে তাকায়নি, দ্বিধা করেনি।
দেশ ও জনগণের স্বার্থের কথাই তুলে ধরে এনটিভি
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকার ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সমাজ, ক্যাবল অপারেটর এবং অগণিত দর্শক-শ্রোতাকে ধন্যববাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যামন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
এনটিভির চেয়ারম্যান বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে বাংলাদেশের কথা মাথায় রেখে, সব সময় দেশকে সবার আগে রেখে, ‘সবার আগে বাংলাদেশ’ এই চিন্তা করে এনটিভি শুরু থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। সব সময় দেশ ও জনগণের স্বার্থে, দেশের উন্নয়নে, দেশের জনগণ এবং দেশ ও বিদেশে যেখানেই বাংলা ভাষাভাষি মানুষ আছেন, সেখানে দেশের কথা, দেশের উন্নয়নের কথা, দেশের স্বার্থের কথা, দেশের সুনামের কথা তুলে ধরেছে এনটিভি।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতারা।
এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন দেশের বুদ্ধিজীবী, কবি, শিল্পী-সাহিত্যিক, ক্রীড়াব্যক্তিত্ব, বিনোদন জগতের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শকদের জন্য শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।
প্রযুক্তি আর দর্শকের ভালোবাসার মেলবন্ধনে সাজানো এই বর্ণিল আয়োজনে থাকছে প্রবাস জীবনের গল্প, সরাসরি সংগীতানুষ্ঠান, শিশু-কিশোরদের পরিবেশনা, ধর্মীয় আয়োজন, মননশীল আলোচনা এবং তারকাদের অংশগ্রহণে জমজমাট নানা অনুষ্ঠান।
আজ ৩ জুলাই এনটিভির পর্দায় যা থাকছে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে
প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪ : সকাল ৬টা ৪০ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান ‘প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪’।
জন্মদিনে গানে গানে এনটিভি : সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। নাহিদা আফরোজ সুমীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী লুইপা ও সাব্বির।
অর্জনে অগ্রগতিতে এনটিভি : সকাল ১০টা ১৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’।
আজ আমাদের আনন্দের দিন : দুপুর ১২টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ আমাদের আনন্দের দিন’।
আনন্দ আলোয় : বেলা ১টা ২০ মিনিটে বিশেষ ইসলামী অনুষ্ঠান ‘আনন্দ আলোয়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জয়নুল আবেদীন আজাদ। বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করেছেন কবি জাকির আবু জাফর, শরীফ বায়জীদ মাহমুদ, মাহসিনা মমতাজ, ড. মীর মঞ্জুর মাহমুদ, ডা. মশিউর রহমান এবং কারি জহিরুল ইসলাম।
গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ : বেলা আড়াইটায় বিশেষ অনুষ্ঠান ‘গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। এতে অংশগ্রহণ করবেন গীতি আরা নাসরিন, মাহমুদুর রহমান, আব্দুল হাই শিকদার, শাহীদুজ্জামান সেলিম ও আশরাফ কায়সার।
কেক কাটার বিশেষ অনুষ্ঠান : বিকেল ৫টা ২৫ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আনন্দঘন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে এনটিভির কারওয়ান বাজারের প্রধান কার্যালয় থেকে।
সোনালি সন্ধ্যা : সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মালয়েশিয়ায় ধারণ করা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালি সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার যৌথ উপস্থাপনায় বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, জেফার, চিত্রনায়িকা পূজা চেরী, তমা মির্জাসহ জনপ্রিয় তারাকারা।
আনন্দ আড্ডা : রাত সাড়ে ৯টায় বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনায় মৌসুমী মৌ। বিশেষ এই অনুষ্ঠানের অতিথি অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান।
গান হোক উৎসব আয়োজনে : রাত ১১টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’।

নিজস্ব প্রতিবেদক